উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বিকেল মার্কিন রাষ্ট্রদূত কারখানায় পৌঁছালে তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও জুনিয়র পার্সোনাল অফিসার (জিপিও) । পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাও এবং সৈয়দপুর ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী রাজকীয় প্রেসিডেন্ট সেলুন কোচে আরোহণ করেন এবং এর ভেতরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি কারখানার প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
১৮৭০ সালে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম এই রেলওয়ে ওয়ার্কশপের বিভিন্ন শপ, কোচ এবং ভ্যান মেরামত প্রক্রিয়া ঘুরে দেখেন রাষ্ট্রদূত। বাংলাদেশের যোগাযোগ খাতে কারখানাটির ঐতিহাসিক অবদান ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি। রেলওয়ে কারখানার পাশাপাশি তিনি সৈয়দপুর রেলওয়ে জাদুঘর, স্থাপত্যশৈলীর নিদর্শন ঐতিহাসিক চিনি মসজিদ এবং স্থানীয় একটি খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।
দ্বিপাক্ষিক সহযোগিতা ও আধুনিকায়ন: পরিদর্শনের সময় বাংলাদেশের রেলখাতের আধুনিকায়ন, নিরাপদ পরিবহনব্যবস্থা গঠন এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়।
পরিদর্শন শেষে স্মরণীয় মুহূর্ত হিসেবে কার্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।