হাইমচরে মাসিক উন্নয়ন সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৪:৪৫ পিএম
হাইমচরে মাসিক উন্নয়ন সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এমপি মানিক

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, হাইমচরে চাঁদপুরের বিকল্প রাস্তার জন্য ইতিমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে এবং সরকারি-বেসরকারি কোনো পুকুর বা জলাশয়ে কচুরিপানা রাখা যাবে না। রোববার (৩০ আগস্ট) সকালে হাইমচর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুন্নবী মাসুম, উপজেলা প্রকৌশলী, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে বেশ কিছু কঠোর নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য। তিনি জানান, নদীতীরে মৎস্য সংরক্ষণে চায়না ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, হাইমচর বাজারের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে এবং বাজারে পাবলিক টয়লেটের জন্য জায়গা নির্ধারণ করে দ্রুত নির্মাণ কাজ শুরু করতে হবে। পাশাপাশি সার ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তিনি। সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি নিজ হাতে চারা রোপণ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিবেশ সংরক্ষণের এই মহতী কার্যক্রমে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে