চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী, কালিয়াপাড়া ও হোসেনপুর বাজারে আধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের অভিপ্রায় ও সর্বাত্মক সহযোগিতায় এই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী শাহরাস্তির কালিয়াপাড়া, চিতোষী ও হোসেনপুর বাজার পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এ তথ্য জানান।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক বলেন, "জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার তৃণমূল পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। রাজস্ব বৃদ্ধি ও জনগণের কল্যাণে জেলার প্রতিটি উপজেলায় আধুনিক মার্কেট নির্মাণ করা হবে।" তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ স্থানগুলোর অবৈধ দখল উচ্ছেদ এবং উন্নয়নমূলক এই প্রকল্প দ্রুত বাস্তবায়নে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া,জেলা পরিষদের প্রকৌশলীগণ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এই মার্কেটগুলো নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বহুগুণ বেগবান হবে।