মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় অবৈধভাবে পরিচালিত ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫.০০ ঘটিকার সময় পরিচালিত এ অভিযানে একটি ড্রেজার বিকল এবং ড্রেজারের সঙ্গে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিকল করে দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ও ফসলি জমিসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ ড্রেজার ও অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন বা পরিবেশের ক্ষতি করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।