মাদক বিক্রেতাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫১ পিএম
মাদক বিক্রেতাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর বাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এরশাদ আলীকে মারধর, পিস্তলের বাঁট দিয়ে আঘাত ও তার ৪টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পুরাতন পল্লী বিদ্যুৎ মোড়ে চাঁনপাড়ার জনসাধারণ ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এমন দাবি তুলে ধরা হয়। পাশাপাশি মাদক বিক্রির প্রতিবাদ করায় এরশাদ আলীকে জিম্মি করে পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে ৪টি দাঁত ভেঙে ফেলা ও আহত করার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এবং এর প্রভাবে পরিবার ও সামাজিক পরিবেশে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ভয়ভীতি দেখানো ও হয়রানি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে বক্তারা জানান। বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব একটি পরিবার থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এরশাদ আলীর ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে বক্তারা বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় একজন সাধারণ নাগরিককে এভাবে মারধর করার অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু, এলাকাবাসীর মধ্যে মামুনুর রশিদ, ভুট্টু, আহত এরশাদ আলীর স্ত্রী রিনা বিবি প্রমুখ। এতে এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় রিনা বিবি তার স্বামীর ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তার দাবি জানান। মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের কাছে ফেন্সি রানী জুলেখাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে গ্রেপ্তার, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং এরশাদ আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ফেন্সি রানী জুলেখার বিরুদ্ধে মাদক বিক্রি এবং তার বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ মানববন্ধনে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
আপনার জেলার সংবাদ পড়তে