পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র ব্যাপকভাবে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন শত শত বেওয়ারিশ কুকুর দল বেঁধে উপজেলার রাস্তা-ঘাট এবং হাট-বাজারে বেপরোয়া ভাবে চলাফেরা করছে। বেওয়ারিশ ওই সকল কুকুরের উপদ্রবে পথচারীদের পাশা-পাশি এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে এলাকার শিশু-কিশোর শিক্ষার্থীরা ওই সকল কুকুরের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। উপজেলার তারাবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন অনেক সময় ওই সকল বেওয়ারিশ কুকুর হাট-বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তায় দল বেঁধে ছুটাছুটি করে থাকে। এতে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণ পর্যন্ত ওই সকল রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পায়। অনেক সময় বেওয়ারিশ কুকুর পথচারী এবং শিক্ষার্থীদের কামড়িয়ে আহত করে বলেও উপজেলার কাদোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এমতাবস্থায় ভুক্তভোগী মহল বেওয়ারিশ কুকুরের উপদ্রব বন্ধে সুজানগর পৌর প্রশাকের হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুজানগর পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন বেওয়ারিশ কুকুরের উপদ্রব বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।