দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৫৬ জন। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দেওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং সিলেট বিভাগের দুজন মারা গেছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৫৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৭৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১৮ হাজার ৭২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে বয়সভিত্তিক রোগী ও মৃত্যুর বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। চলমান প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু হচ্ছে, সেগুলোও পরিসংখ্যানে আলাদাভাবে হিসাব করা হচ্ছে।