জামালপুরের মেলান্দহে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দুইজন মারাত্বক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মেলান্দহের সাহাজাতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার পুলিশের উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি হলেন শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০)। সে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন। আহতরা হলেন,দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিবের ছেলে নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের ছেলে প্রাইভেটকার চালক মেহেদী হাসান (২৮)।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু ও স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জ থেকে জামালপুর গামী একটি প্রাইভেট কার মেলান্দহের শাহাজাতপুর এলাকার পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেট কারে থাকা চালক মেহেদী হাসান, যাত্রী নাজমুল হোসাইন ও শামছুদ্দিন আহমেদ রুবেল গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামছুদ্দিন আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাজমুল ও চালক মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, 'রাতে রাস্তায় হঠাৎ বিকট শব্দ হলে ঘটনাস্থল গিয়ে দেখি একটি প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা লেগে চালক এ যাত্রী আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাই'।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুন্তাসির ইয়ামান আবিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে শামছুদ্দিন রুবেল নামে একজন হাসপাতালে আনার আগেই মারা যায়। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মেলান্দহ থানার পুলিশের উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার শিকার প্রাইভেট কারটি থানায় নেয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।