চাঁদপুরে পার্কিং স্থান ও সহনীয় জরিমানার দাবিতে সড়ক অবরোধ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:৫০ পিএম
চাঁদপুরে পার্কিং স্থান ও সহনীয় জরিমানার দাবিতে সড়ক অবরোধ

নির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণ এবং জরিমানার অর্থ সহনীয় পর্যায়ে রাখার দাবিতে চাঁদপুর পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোবাইক চালকরা। বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) বেলা ১২টার দিকে চাঁদপুর পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে এই বিক্ষোভ করা হয়। এর ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে পৌরসভা কার্যালয়ে চালক, মালিক প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, “শহরের যানজট নিরসনে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তবে চালকদের সুবিধার্থে আগামী দুই সপ্তাহ শহরে কোনো জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।” এই সময়ের মধ্যে চাঁদপুর পৌরসভার লাইসেন্সধারী ২৬২৭টি গাড়ির চালকদের ট্রাফিক আইনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে মালিক ও চালকদের নিজ দায়িত্বে অবৈধ গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময় শেষে লাইসেন্সবিহীন কোনো গাড়ি পাওয়া গেলে তা সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির জানান, প্রশিক্ষণের অংশ হিসেবে চালকদের ট্রাফিক আইনের আওতায় একটি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কার্ড দেওয়া হবে। পাশাপাশি জরিমানার বিষয়টি সহনীয় করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে চালকরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ এবং ডিবি ওসি মজিবুর রহমান। এছাড়া অটোরিকশা ও অটোবাইক মালিক এবং চালক প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে