রায়পুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম
রায়পুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাস দিয়ে নৌকায় করে মেঘনার চরে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মামলার আসামিরা হলেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের ইসমাইল মিজির ছেলে ট্রলারমাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিমা (২৫)।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে ওই নারী দুই সন্তানের জননী।

মেঘনার চরে সয়াবিন আনা-নেওয়ার কাজে যাতায়াতের সুবাদে ট্রলারমাঝি আবদুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে সোমবার (১৭ আগস্ট) রাতে নদীতে ঘোরানোর কথা বলে আবদুর রহমান ওই নারীকে নৌকায় করে মেঘনার চরঘাসিয়ার চান্দার খালে নিয়ে যান। সেখানে তার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আবদুর রহমানকে আটক করেন। পরে তাকে স্থানীয় ইউপি সদস্য হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিয়ের দাবি জানালে আবদুর রহমান ও তার ভাই মহিমা তাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন ওই নারী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় পর্যায়ে প্রতিকার না পেয়ে বুধবার রায়পুর থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা করেন তিনি।

মামলার পর একই দিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি দেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে ফিরেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে মারধরের অভিযোগও রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে