দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে বিএনপির দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সংঘর্ষের ঘটনায় গত ১২ আগস্ট বুধবার রাত ৯টায় উপজেলার রানীরবন্দর সুইহারীবাজারে নশরতপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর গত ১৫ আগস্ট শনিবার চিরিরবন্দর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ১১ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব ইছামতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার নশরতপুর ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় যোগদানের জন্য চিরিরবন্দর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নূর-এ-আলম সিদ্দিকী নয়নের নেতৃত্বে একটি মিছিল রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ মোড়ে পৌঁছিলে ছাত্রদলের অপর একটি পক্ষ মিছিলে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের চিরিরবন্দর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, মোঃ আসলাম, ইনজাত আলী, যুবদলের মোঃ সোহাগ, শাকিল, গোলাম রব্বানী, বিএনপি সমর্থক বিশ্বনাথ রায়, আবু তাহের, সফিকুল ইসলামসহ অপর পক্ষের অজ্ঞাত ৫-৭ জন আহত হন। এক পর্যায়ে উপজেলা বিএনপি'র সিদ্ধান্ত অনুযায়ী মতবিনিময় সভাটি মুলতবী ঘোষণা করা হয়। এরপর এক পক্ষ আরেক পক্ষের নেতাকর্মীদের দেখামাত্র সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষের প্রতিবাদে নশরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব খানের সভাপতিত্বে গত ১২ আগস্ট রাতে এক পক্ষের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট বৃহস্পতিবার বেশ কয়েকজন নেতাকে মারপিট করা হয়। তারা বর্তমানে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার জেরে শামসুল আলম নামে এক বিএনপি নেতা বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/১৬ জনের বিরুদ্ধে থানার একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবী বলেন, একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।