লালপুরে পানিতে ডুবে শিশু বাঁধনের মৃত্যু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৭:৪৩ পিএম
লালপুরে পানিতে ডুবে শিশু বাঁধনের মৃত্যু

নাটোরের লালপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাঁধন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাঁধন বড়বড়িয়া গ্রামের বাবু ও রিনি বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে কোনো একসময় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি খালে গোসল করতে যায় বাঁধন। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত খালে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বাঁধনকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে