বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) প্রাঙ্গণে দুই দিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আনম রশিদ, কৃষি সচিব রফিকুল মোহাম্মদসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা। উদ্বোধনী অধিবেশনে পল্লী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে আরডিএর ভূমিকা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ পরিকল্পনা সম্মেলনে বিভিন্ন কারিগরি অধিবেশন, পরিকল্পনা পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।