শেখ হাসিনাসহ কয়েকজনের নাম

শাপলা চত্বর মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০২:১০ পিএম
শাপলা চত্বর মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম এসেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এটি এখনও চূড়ান্ত প্রতিবেদন নয় বলে আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিষয়ে দীর্ঘদিন তদন্ত শেষে তদন্ত সংস্থা একটি খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। এখন সেটি পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হবে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ১ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য রয়েছে।

খসড়া প্রতিবেদনে কারা আসামি হয়েছেন, জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, “খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নাম এসেছে। এছাড়া তৎকালীন পুলিশপ্রধান, বিজিবিপ্রধানসহ কয়েকজনের নাম রয়েছে। এগুলো আমরা যাচাই করে দেখব। যেহেতু এটি খসড়া প্রতিবেদন, তাই চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগে আসামিদের তালিকা প্রকাশ করতে চাইছি না।”

শাপলা চত্বরের ঘটনাকে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেটি ছিল একটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।” তিনি আরও বলেন, তদন্তের লক্ষ্য হলো স্বচ্ছ বিচার নিশ্চিত করা এবং প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি করা।

নিহতের সংখ্যা নিয়ে তিনি জানান, তদন্তে এখন পর্যন্ত প্রায় ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। সংগঠনের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ শীর্ষ নেতারা। চিফ প্রসিকিউটর জানান, তারা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে এসেছেন এবং প্রয়োজন হলে তদন্ত বিষয়ে নিজেদের পর্যবেক্ষণও তুলে ধরবেন।

বর্তমানে এ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, শাহরিয়ার কবির, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাসহ কয়েকজন গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ ও ইমরান এইচ সরকারসহ কয়েকজন পলাতক রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে