বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন। বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে গত ৭ জুলাই এ ব্যাপারে সরকারি নির্দেশনা এসেছে বলে জানা গেছে। সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা দলীয়ভাবে জানতে পেরেছি যে আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসছেন। তার এই সফরকে সফল করতে আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে প্রস্তুতি সভা করা হয়েছে।