ফরিদগঞ্জে এক ঘুষিতেই অটোরিকশা চালকের মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০১:৪৪ এএম
ফরিদগঞ্জে এক ঘুষিতেই অটোরিকশা চালকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশার (৪৫) নামে ব্যাক্তির এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয় বাসিন্দা কামাল ভেন্ডার, সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার প্রতিবেশি। উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহষ্পতিবার এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার। আজ বিকেলে ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনকে হঠাৎ করেই পিছন দিক থেকে ঘাড়ে ঘুসি দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল বাশার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে অভিযুক্ত আবুল বাশার বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে