মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি সিএনধিজচালিত অটোরিকশাকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জামালদী স্ট্যান্ড এলাকার মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সেলিম (২৫)। তিনি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছোট ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক নুরুলদীন (৩৮)। তিনি একই এলাকার মৃত কাদিরের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আহত চালক নুরুলদীনের স্বজনরা জানান, নুরুলদীন নিয়মিত রাতেই অটোরিকশা চালান। প্রতিদিনের মতো ঘটনার রাতেও তিনি জামালদী স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় গাড়ি থামিয়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সেলিম মারা যান। গজারিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া ট্রাকচালক মিজানুল ইসলাম (২৬) ও চালকের সহকারী আপনকে (১৬) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির রিচার্জ মনিরুজ্জামান বলেন খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে এই ঘটনায় একজন নিহত আছে।