কুড়িগ্রামের লালন আখড়ায় লালন সাঁইজির তিরোধান দিবস পালন

মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
কুড়িগ্রামের লালন আখড়ায় লালন সাঁইজির তিরোধান দিবস পালন
ছবি: FNS

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে রবিবার (১৫ নভেম্বর) দিন ও রাত ব্যাপী ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে প্রত্যন্ত এই গ্রামটিতে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার‌্যক্রম পরিচালনা করা হয়। এবারো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের আগমনের মাধ্যমে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে পালিত হল লালন সাঁইজির তিরোধান দিবস।
আয়োজকরা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এই স্থানটিতে ২০১১ সাল থেকে প্রত্যক বছর বাংলা কার্তিক মাসের শেষ রবিবার ভক্ত ও সাধুসন্নাসীদের আগমনের মাধ্যমে বাৎসরিক মিলন মেলা আয়োজন করা হয়। মিলন মেলাকে ঘিরে বসে জাকজমকপূর্ণ গ্রামিণ মেলা। স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজির নামে ১০শতক জমি ওয়াক্‌ফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ এখন সেই আখড়াবাড়ি পরিণত হয়েছে তীর্থস্থানে। কুষ্টিয়ায় লালন উৎসব পালনের পর কুড়িগ্রামে বসে এই লালন তিরোধান দিবস। দিনে বসে মেলা, সন্ধ্যার পর সাধু সঙ্গদের পরিবেশনায় রাতভর চলে ভাব-সঙ্গিতের আসর। এই আসরে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা।
সন্ধ্যায় ভাবসঙ্গিতের আসর উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহবায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা জাসাস আহবায়ক আহসান হাবীব সজীব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন একাডেমির সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন একাডেমির সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল। এর আগে বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।
রাজশাহীর বাউল দুলাল শাহ জানান, লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমড়া সাধু সঙ্গের পদধুলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি।
অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহবায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান জানান, এখানে বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আগামীতে আমড়া দেশের দ্বিতীয় চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নুরনবী জানান, কুষ্টিয়ায় অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এখানে ছুটে আসেন প্রাণের টানে। আমড়া আগামীতে দুদিনব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নিবো।
কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, লালন প্রিয় লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসনের লোকজন ও পুলিশ বিভাগ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করলে এখানে স্বাচ্ছন্দে সারা দেশের মানুষ এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে