এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :

সৈয়দপুরে খোলা মাটির হাঁড়িতে খেজুর রস সংগ্রহ,স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ পিএম
সৈয়দপুরে খোলা মাটির হাঁড়িতে খেজুর রস সংগ্রহ,স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা
ছবি: FNS

শীতের আগমনি বার্তার সঙ্গে গ্রামবাংলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও বিক্রির ধুম। নীলফামারীর সৈয়দপুর শহরেও মাটির হাঁড়িতে করে ফেরি করে বিক্রি হচ্ছে খেজুরের রস। প্রতি গ্লাস রসের দাম নেওয়া হচ্ছে ২০ টাকা। তবে সুস্বাদু এ রস পান করে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এতে রসের নিরাপদ সংগ্রহ ও বিক্রির বিষয়টি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
জানা গেছে, সৈয়দপুর শহরের আশপাশের বিভিন্ন এলাকার খেজুরগাছ থেকে রস সংগ্রহ করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। গাছের নির্দিষ্ট অংশ কেটে সেখানে মাটির কলসি বেঁধে রাখা হয়। সারারাত গাছ থেকে ফোঁটা ফোঁটা রস পড়ে কলসিতে জমা হয়। সকালে গাছ থেকে কলসি নামিয়ে সেই রস শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে বিক্রি করেন বিক্রেতারা। বিশেষ করে সকালবেলায় এসব রসের ক্রেতা বেশি দেখা যায়।
কিন্তু রস সংগ্রহের প্রচলিত এ পদ্ধতিতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। সারারাত খেজুরগাছে বাঁধা কলসির মুখ খোলা থাকায় তাতে পাখি ও বাদুড় বসতে পারে। এসব প্রাণীর লালা, মলমূত্র কিংবা অন্যান্য জীবাণু রসে মিশে যেতে পারে। ফলে রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকিও রয়েছে বলে স্বাস্থ্যসংশ্লিষ্টদের সতর্কতা রয়েছে।
জানা গেছে, কয়েক দিন আগে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে মাটির হাঁড়িতে বিক্রি হওয়া খেজুরের রস পান করে এক সাংবাদিক ও একটি রাজনৈতিক দলের নেতা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দুজনেরই পরবর্তী সময়ে ঘন ঘন পাতলা পায়খানা ও পেটব্যথা শুরু হয়। সারারাত শারীরিক অস্বস্তিতে ভোগার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে তাঁরা সুস্থ হন।
এ বিষয়ে জনস্বাস্থ্য সচেতন মহলের অভিমত, খেজুরের রস সুস্বাদু ও পুষ্টিকর হলেও অপরিচ্ছন্ন পরিবেশে সংগ্রহ করা কাঁচা রস পান করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে খোলা হাঁড়িতে সংগ্রহ করা রস পান করা থেকে বিরত থাকা প্রয়োজন। নিরাপদ পদ্ধতিতে রস সংগ্রহ এবং বিক্রির ক্ষেত্রে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
শীতের মৌসুমি এ পানীয়ের প্রতি মানুষের আগ্রহ থাকলেও সামান্য অসতর্কতায় তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় খোলা হাঁড়িতে সংগৃহীত কাঁচা খেজুরের রস পান না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে