শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কলেজে বিশ্ববিদ্যালয়গুলোকে মর্ডান টেকনোলজি সমৃদ্ধ করা হবে। আর ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীর মাঝে নতুন বই পৌঁছে দেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী আরও বলেছেন, মেধাবীদের কোন ভিসা লাগেনা। মেধাবীদের কোন ঠিকানা লাগেনা। বিগত সরকার শিক্ষাখাতে পিছনে নিয়েছে। ২০০১ থেকে ২০০৬ শিক্ষাখাত যেখানে নেয়া হয়েছিল, বিগত সরকার সেটি ব্যাক গিয়ারে নিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আরও বলেছেন, এর আগে বিগত সরকার শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিতো, সেখান থেকে আবার আইসিটি খাতেও নেয়া হত, ফলে শিক্ষার উন্নয়ন থমকে থাকতো। সেই জায়গায় বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি, বিএমপি কমিশনারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, ববির শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১২ টায় ববির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর আলোচনা সভা আনুষ্ঠিত হয়। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো এবং উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে তাদের অনুপ্রাণিত করতেই এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত দুরবস্থা ও নানা সীমাবদ্ধতা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো রাস্তায় হাঁটতে গিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শুধু রাস্তা নয়, শিক্ষার্থীদের যাতায়াতে দুটি ইলেকট্রিক বাস, নতুন অ্যাকাডেমিক ভবন, অডিটোরিয়াম, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়নেও দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি।