পেশায় চিকিৎসক, নেশায় শিল্পী-নিজ হাতে গড়লেন দৃষ্টিনন্দন প্রতিমা

এফএনএস; বরিশাল প্রতিবেদক: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ পিএম
পেশায় চিকিৎসক, নেশায় শিল্পী-নিজ হাতে গড়লেন দৃষ্টিনন্দন প্রতিমা
ছবি: FNS

পেশায় চিকিৎসক ও শিক্ষক। প্রতিদিন রোগীদের চিকিৎসাসেবা দেওয়া এবং শিক্ষার্থীদের পাঠদানের মধ্যেই কাটে তার কর্মব্যস্ত সময়। কিন্তু পেশাগত পরিচয়ের বাইরেও তার রয়েছে এক অসাধারণ শিল্পীসত্তা। মাটি, খড় আর রঙের তুলিতে নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।
দীর্ঘদিনের শখ, ভালোবাসা ও ধর্মীয় অনুরাগ থেকে নিজ হাতেই নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন কালীমন্দির ও দেবী কালীর প্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ভক্ত, প্রতিবেশী ও দর্শনার্থীরা।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের। ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক তারক চক্রবর্তীর সন্তান ডা. তরুণ চক্রবর্তী। তিনি এলাকাবাসীর কাছে একজন মানবিক হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিত। পাশাপাশি তিনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একজন শিক্ষক। চিকিৎসাসেবার পাশাপাশি তরুণ চক্রবর্তী নিজের সৃজনশীল প্রতিভা দিয়ে ইতোমধ্যে এলাকায় আলাদা পরিচিতি তৈরি করেছেন।
সাধারণত মন্দির নির্মাণ কিংবা দেবদেবীর প্রতিমা তৈরির কাজে পেশাদার কারিগর ও প্রতিমা শিল্পীদের প্রয়োজন হয়। কিন্তু সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ডা. তরুণ চক্রবর্তী নিজের পরিকল্পনা, শ্রম ও শিল্পবোধ দিয়ে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন কালীমন্দির। শুধু মন্দির নির্মাণই নয়, দেবী কালীর প্রতিমাও তৈরি করেছেন সম্পূর্ণ নিজের হাতে।
মন্দিরের নকশা, কারুকাজ থেকে শুরু করে প্রতিমার অবয়ব ও রঙের কাজ-সবখানেই রয়েছে তার নিজস্ব সৃজনশীলতার ছাপ। মাটি, খড় ও রঙের নিপুণ ব্যবহারে প্রতিমাকে দিয়েছেন নান্দনিক রূপ। তার নির্মিত মন্দির ও প্রতিমার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন আগত দর্শনার্থীরা।
জানা গেছে, পেশাগত ব্যস্ততার মধ্যেও অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি এ শিল্পকর্ম নির্মাণ করেছেন। কখনোই মন্দিরের নকশা তৈরি, কখনোই প্রতিমার অবয়ব ফুটিয়ে তোলা, আবার কখনোই রঙের তুলিতে দিয়েছেন শেষ পরশ। এভাবেই ধাপে ধাপে বাস্তব রূপ পেয়েছে তার দীর্ঘদিনের স্বপ্ন। মন্দির নির্মাণে প্রায় এক বছর এবং দেবী কালীর প্রতিমা তৈরিতে প্রায় তিন মাস সময় লেগেছে।
ডা. তরুণ চক্রবর্তীর বাড়িতে নির্মিত মন্দির ও প্রতিমা এখন স্থানীয় মানুষের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষ তার বাড়িতে আসছেন। কেউ মন্দিরের কারুকাজ দেখছেন, কেউ প্রতিমার সৌন্দর্য উপভোগ করছেন। আবার অনেকেই বিস্ময় প্রকাশ করছেন একজন চিকিৎসকের এমন অসাধারণ শিল্পনৈপুণ্য দেখে।
গৌরনদী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিস হালদার বলেন, ডা. তরুণ চক্রবর্তী শুধু একজন ভালো হোমিও চিকিৎসকই নন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। চিকিৎসাসেবার পাশাপাশি ধর্মীয়, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চাসহ বিভিন্ন কর্মকাণ্ডে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসনীয়। বিভিন্ন সময়ে এসব কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননাও পেয়েছেন। নিজের হাতে মন্দির ও প্রতিমা নির্মাণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এই সৃজনশীলতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ বৃদ্ধিতে ভূমিকা রাখে।
নিজের শিল্পকর্ম সম্পর্কে ডা. তরুণ চক্রবর্তী বলেন, প্রতিমা ও মন্দির নির্মাণ তার দীর্ঘদিনের শখ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত ভালো লাগা। কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং মনের প্রশান্তি, সৃষ্টিশীল আনন্দ ও ভক্তির জায়গা থেকেই আমি নিজের হাতে এসব নির্মাণ করেছি।
তিনি বলেন, মন্দির নির্মাণে প্রায় এক বছর এবং প্রতিমা তৈরিতে প্রায় তিন মাস সময় ও শ্রম দিতে হয়েছে। নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারার আনন্দই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এলাকার মানুষ আমার কাজ দেখতে বাড়িতে আসছেন এবং প্রশংসা করছেন-এতেই আমি অত্যন্ত আনন্দিত। গৌরনদী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামি বলেন-একজন চিকিৎসকের হাত যেমন মানুষের সেবায় নিয়োজিত, সেই হাতেই যে নান্দনিক শিল্পকর্ম সৃষ্টি হতে পারে, তার অনন্য উদাহরণ ডা. তরুণ চক্রবর্তী। শিক্ষকতা ও চিকিৎসাসেবার পাশাপাশি শিল্পচর্চার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, প্রতিভা কখনোই নির্দিষ্ট কোনো পেশার গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। প্রয়োজন শুধু একাগ্রতা, নিষ্ঠা ও কাজের প্রতি গভীর ভালোবাসা।
সব মিলিয়ে গৌরনদীর বাটাজোর গ্রামের বাসিন্দা ডা. তরুণ চক্রবর্তীর নিজ হাতে গড়া কালীমন্দির ও প্রতিমা এখন শুধু একটি পারিবারিক ধর্মীয় আয়োজন নয়, বরং স্থানীয় মানুষের কৌতূহল, আনন্দ ও প্রশংসার কেন্দ্রবিন্দু। চিকিৎসক পরিচয়ের পাশাপাশি তার সুপ্ত শিল্পীসত্তার এই অনন্য প্রকাশ এলাকায় সৃষ্টি করেছে ব্যতিক্রমী আলোচনার।

আপনার জেলার সংবাদ পড়তে