সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের

মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী:
| আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৫ পিএম | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৫ পিএম
সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের
ছবি: FNS

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এহসানুল হকের বিরুদ্ধে সাংবাদিকদের দাপ্তরিক তথ্য দিতে নানা ধরনের গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় তথ্য জানতে তাঁর দপ্তরে গেলে কখনোই প্রশ্ন বুঝতে না পারার ভান, কখনোই পরে তথ্য দেওয়ার আশ্বাস, আবার কখনোই সংশ্লিষ্ট তথ্য নেই বলে এড়িয়ে যাওয়ার অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। এতে সরকারি দপ্তরের তথ্যপ্রাপ্তি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।
গত ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে গ্লোবাল টেলিভিশন/যাযাযায়দিনসহ আরও দুইজন গণমাধ্যমকর্মী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যান। এ সময় ২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহের জন্য রাজশাহী জেলার নয়টি উপজেলায় কতটি চালকলের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে এবং কোন মিলের কাছ থেকে কত মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে, সে-সংক্রান্ত তথ্য জানতে চান তাঁরা। উল্লেখ্য, ওই মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম গত সেপ্টেম্বর মাসেই শেষ হয়েছে।
সাংবাদিকদের কাছ থেকে এসব তথ্য চাওয়ার কারণ জানতে চান জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এহসানুল হক। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্যগুলো প্রয়োজন বলে জানানো হলে তিনি পরদিন যোগাযোগ করতে বলেন।
পরদিন তাঁর সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি অফিসের প্রধান সহকারীর কাছ থেকে সরাসরি উপস্থিত হয়ে তথ্য সংগ্রহের পরামর্শ দেন। ই-মেইল কিংবা হোয়াটসঅ্যাপে তথ্য পাঠালে সুবিধা হবে জানানো হলেও তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।
পরে দপ্তরের প্রধান সহকারীর কাছ থেকে পাওয়া তথ্যে শুধু চুক্তিবদ্ধ চালকলগুলোর নাম উল্লেখ ছিল। কোন মিলের কাছ থেকে কত মেট্রিক টন চাল কেনা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রধান সহকারী জানান, স্যার তাঁকে ওই তথ্য দিতে বলেননি। পরবর্তী সময়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি জানান, এসব তথ্য তাঁর কাছে নেই। প্রয়োজনে সাংবাদিকদের চালকল মালিকদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের পরামর্শ দেন।
অথচ সরকারি চাল সংগ্রহ কার্যক্রম সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। কোন মিলের সঙ্গে কী পরিমাণ চাল সরবরাহের চুক্তি হয়েছে এবং শেষ পর্যন্ত কতটুকু চাল সংগ্রহ করা হয়েছে, তার দাপ্তরিক নথি থাকার কথা। এমন তথ্য চাওয়ার পরও তা সরবরাহ না করে এক দপ্তর থেকে অন্য পক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে যুক্তিসংগত ব্যাখ্যা জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক একপর্যায়ে প্রতিবেদকের সঙ্গে কড়া ভাষায় কথা বলেন বলে অভিযোগ রয়েছে। তিনি এসব তথ্য দেওয়া যায় না বলে মন্তব্য করেন। কোন তথ্য দেওয়া যাবে না, তা জানতে চাইলে তিনি আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে সাংবাদিক হিসেবে কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন।
এর আগে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খাদ্য ক্রয় প্রক্রিয়া ও ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়ে দপ্তরের অগ্রগতি ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলেও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা। তাঁদের দাবি, প্রশ্নের বিষয়টি স্পষ্ট করে বোঝানোর পরও জেলা খাদ্য নিয়ন্ত্রক অসংলগ্ন উত্তর দেন এবং মূল বিষয়টি এড়িয়ে যান।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরের কাজের স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জানার প্রয়োজনেই তাঁরা এসব তথ্য চেয়েছিলেন। কিন্তু তথ্য সরবরাহে বারবার কালক্ষেপণ, অসম্পূর্ণ তথ্য দেওয়া এবং একপর্যায়ে অসহযোগিতামূলক আচরণ তাঁদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করছে।
সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য পাওয়ার সুযোগও রয়েছে। তাই জনস্বার্থসংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য চাওয়ার ক্ষেত্রে এমন গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাংবাদিকদের প্রত্যাশা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর প্রয়োজনীয় ও প্রকাশযোগ্য তথ্য সরবরাহে আরও আন্তরিক হবে এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের তথ্যপ্রাপ্তি সহজ ও স্বচ্ছ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে