দেশে প্রতিবছর বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং জলাবদ্ধতার মতো দুর্যোগে দেশের অর্থনীতি ও জনজীবন ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। সবচেয়ে বড় বৈপরীত্য হলো, এই সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু অর্থায়নের প্রশ্নটি কেবল অর্থনৈতিক নয়, এটি আন্তর্জাতিক ন্যায়বিচারেরও বিষয়। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা সময়োপযোগী এবং বাস্তবসম্মত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, উপকূল রক্ষা, নদী খনন, জলসম্পদ সংরক্ষণ বা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য নতুন ঋণ গ্রহণ উন্নয়নশীল দেশগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে। যে দেশগুলো ইতোমধ্যেই সীমিত সম্পদ নিয়ে জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য ঋণ নয়, টেকসই সহায়তাই বেশি প্রয়োজন। বাংলাদেশ ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শিল্পায়ন, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যুতের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসনীয়। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে বিপুল অর্থ ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, যা উন্নয়নশীল দেশগুলোর একার পক্ষে বহন করা কঠিন। একই সঙ্গে জলবায়ু অর্থায়নের কাঠামোতেও পরিবর্তন প্রয়োজন। অর্থায়নের বড় অংশ এখনও প্রশমন কার্যক্রমে ব্যয় হলেও বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অভিযোজন কার্যক্রম বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রধান চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা করা। আমড়া মনে করি, জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়া জরুরি। অনুদানভিত্তিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহযোগিতা করতে হবে। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত না হলে বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই সফল হবে না। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তাই ঋণের বোঝা নয়, প্রয়োজন কার্যকর আন্তর্জাতিক সংহতি ও বাস্তব সহায়তা।