ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
ছবি: FNS

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাঁজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখার জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) উপত্যকার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এ হামলা হয়।

রোববার (১৫ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে হামাসের সশস্ত্র শাঁখা আল-কাসসাম ব্রিগেড। এক প্রতিবেদনে সে বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

নিহত কমান্ডারের নাম সামির আবু ইউনিস। তার বয়স ৫৩ বছর। তিনি রাফা ব্রিগেডের কমান্ডার ছিলেন।

গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের মাওয়াসি এলাকায় একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি নিহত হন। আহত হন আরও কয়েকজন।

হামাসের ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেন আবু ইউনিস। রাফা এলাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন। পরে রাফা ব্রিগেডের কমান্ডার হন। রোববার বিকেলে খান ইউনিসে তার জানাজা অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় বড় ধরনের লড়াই বন্ধ হলেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। অন্যদিকে শর্ত অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণও নিশ্চিত করা যায়নি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে সেখানে ইসরায়েলের ৫ সেনাও নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল।