জামালপুরে বিষ্ফোরণ ঘটিয়ে বোমা সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয়

এফএনএস
| আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
জামালপুরে বিষ্ফোরণ ঘটিয়ে বোমা সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয়
ছবি: FNS

জামালপুরে রেলওয়ে ওভারপাস থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার রাতে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটির বিষ্ফোরণ ঘটানো হয়।

শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে ওভারপাসের ফুটপাতে লাল টেপ মোড়ানো ও দুই দিকে বৈদ্যুতিক তারসহ বোমা সাদৃশ্য একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে ও রেলওয়ে ওভারপাস দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাঁচ ঘণ্টা পর ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌছায়। পরে মধ্যরাতে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে পার্শবর্তী ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে নিয়ে বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে বস্তুটি কোন বিষ্ফোরক বা বোমা ছিলোনা বলে বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোম সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি, জনমনে আতঙ্ক দূর হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে