অনির্দিষ্টকালের জন্য ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
অনির্দিষ্টকালের জন্য ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ছবি: FNS

শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিম্নতম মজুরি কেন্দ্র করে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে, কিছু শ্রমিক বাইরের উসকানিতে কারখানার ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে।

তিনি জানান, এ পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এতে একদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।

মাহমুদ হাসান খান বলেন, চলমান বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের কিংবা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই।

শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, সংকট সমাধানে শ্রমিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।

তিনি আরও বলেন, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজিএমইএ সভাপতি বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আশুলিয়া ও সাভার অঞ্চলের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্প রক্ষা এবং এর সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।