বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ, নির্মূল বায়ু আর সবুজে ঘেরা আগামীর প্রত্যাশায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্মূল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) নাগেশ্বরী কলেজ মোড়ে একটি র্যালির মাধ্যমে পলিথিন বিরোধী প্রচারণা এবং পরিচ্ছন্নতা অভিযান করে সংগঠনটি।
এ সময় পরিবেশ রক্ষায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে বর্জ্য অপসারণ করেন অতিথিবৃন্দসহ সংগঠনটির নেতাকর্মীরা।
পরিবেশ রক্ষা, মশক নিধন ও বৃক্ষ রোপনের গুরুত্বসহ নানা বিষয়ে জনসচেতন বাড়াতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্মূল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি জাহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদুসহ অনেকে। এ ছাড়াও নির্মূল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উপদেষ্টা ওমর ফারুক, রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা বিসিডিএস এর সভাপতি ইব্রাহীম আলীসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।