কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য র্যালি নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দখল মুক্ত হয়। এ দিবসটি প্রতি বছরের ন্যায় এবার যথাযোগ্যভাবে পালনার্থে শনিবার (১৪ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি র্যালি ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উপজেলা আহ্বায়ক রফিকুল হাসান রঞ্জুর সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর-জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম মতি, সাবেক সহ-কমান্ডার এ টি এম শাহজাহান মানিক,
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক কাজি নিজাম উদ্দিন, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ নভেম্বর দেশের প্রথম ভূরুঙ্গামারী থানা হানাদারমুক্ত হয়। 'তখনকার ভূরুঙ্গামারী থানা এখন ভূরুঙ্গামারী উপজেলা'।