চাঁদপুরে জমকালো আয়োজনে চলছে ২২তম জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে চাঁদপুর সদর উপজেলা দল। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হাইমচর উপজেলা দলকে পরাজিত করে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চাঁদপুর সদর উপজেলা দল। ম্যাচের প্রথমার্ধে দলের পক্ষে শাওন ও সোহেল গোল করে দলকে ২-০ গোলের আরামদায়ক লিড এনে দেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোছালো আক্রমণ থেকে একটি দর্শনীয় গোল করেন চাঁদপুর সদরের ফরোয়ার্ড সিমরান। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০। তবে দমে যায়নি হাইমচর উপজেলা দল। ম্যাচের কিছু সময় পর পাল্টা আক্রমণ থেকে হাইমচরের পক্ষে রাফি একটি গোল শোধ করে ব্যবধান কমান (৩-১)। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর উপজেলা।
ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজি ও ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সদর উপজেলা ফুটবল টিমের ম্যানেজার আখতার হোসেন সাগর, কোচ জাহাঙ্গীর গাজি, জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর পাটোয়ারীসহ ক্রীড়া অঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গ। স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে। চাঁদপুর সদরের দাপুটে জয় এবং দ্বিতীয়ার্ধে হাইমচর উপজেলার শক্ত প্রতিরোধ গড়ার প্রাণবন্ত ফুটবল খেলা উপভোগ করে আনন্দ পান উপস্থিত দর্শকবৃন্দ।
আগামীকালকের খেলা: টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে রোববার (১৫ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা দলের মুখোমুখি হবে কচুয়া উপজেলা দল।