কোনো জটিল অস্ত্রোপচার বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া ৫ টাকার কয়েন সফলভাবে বের করে তাক লাগিয়ে দিয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার উপ সহকারী মেডিক্যাল অফিসার বিমান চন্দ্র আচার্য। ওই উপ সহকারী মেডিক্যাল অফিসারের সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে গেছে দুই বছরের শিশু ফায়েজা। এই ঘটনায় শিশুর পরিবারসহ পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং প্রশংসায় মেতেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা সদর ওছখালীতে। সুস্থ হওয়া শিশু ফায়েজা উপজেলার চরকিং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিমা আক্তার ও ফজলুর রহমান দম্পতির মেয়ে। আর সফলভাবে কয়েন বের করা ওই চিকিৎসক এর নাম বিমান চন্দ্র আচার্য; যিনি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।যেভাবে ঘটেছিল মর্মান্তিক ও আশঙ্কাজনক মুহূর্ত: শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বাড়িতে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ফায়েজা একটি ৫ টাকার কয়েন গিলে ফেলে। এরপর থেকেই সে দফায় দফায় বমি করতে শুরু করে এবং একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। দ্রুত তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসারসহ অন্যান্য চিকিৎসকরা এক্সরে করে দেখেন কয়েনটি খাদ্যনালীতে আটকে আছে। তবে বিষয়টি অত্যন্ত জটিল এবং হাসপাতালে প্রয়োজনীয় সহায়ক ইএনটি (ঊঘঞ) যন্ত্রপাতি না থাকায় সেখানে উপস্থিত চিকিৎসকরা অস্ত্রোপচারের ঝুঁকি নিতে সাহস পাননি। তারা শিশুটিকে দ্রুত নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতের বেলা উত্তাল নদী পার হয়ে জেলা সদরে পৌঁছানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত ছিল। সন্তানের জীবন সংকটাপন্ন দেখে দিশাহারা হয়ে পড়েন মা সিমা আক্তার। চারপাশের শত মানুষের ভিড়ে আকুতি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। হাতের জাদুতে সফল উদ্ধার: এমন সংকটময় মুহূর্তে স্থানীয় লোকজনের পরামর্শে মা সিমা আক্তার তার অচেতন মেয়েকে নিয়ে উপজেলা সদরের একটি ফার্মেসির পেছনের চেম্বারে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্যের কাছে ছুটে যান।পরিস্থিতি বিবেচনা করে সবার অনুমতি নিয়ে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিশেষ কৌশল প্রয়োগ করেন তিনি। কোনো ধরনের কাটাছেঁড়া বা জটিল যন্ত্রপাতি ছাড়াই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তিনি খাদ্যনালি থেকে নিরাপদে ৫ টাকার কয়েনটি সফলভাবে বের করে আনেন। মায়ের কান্না ও স্বস্তি: কয়েনটি বের হওয়ার সঙ্গে সঙ্গে শিশু ফায়েজা কিছুটা সুস্থ হয়ে ওঠে। মেয়ের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও সুস্থ অবস্থা দেখতে পেয়ে মা সিমা আক্তার আবেগপ্রবণ হয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। এই দৃশ্য দেখে চেম্বার ও রাস্তার চারপাশে জমা হওয়া উৎসুক জনতার মধ্যে স্বস্তির নিঃশ্বাস নামে এবং মুহূর্তেই পুরো পরিবেশ বদলে যায়। কৃতজ্ঞতায় বারবার ওই চিকিৎসক কে ধন্যবাদ জানাতে থাকেন শিশুর মা। চিকিৎসকদের বক্তব্য: এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইউসুফ সোহাগ জানান, শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এক্সরে রিপোর্ট অনুযায়ী কয়েনটি খাদ্যনালীতে আটকে ছিল, যা সাধারণত ইএনটি বিশেষজ্ঞ ছাড়া অপসারণ করা বেশ ঝুঁকিপূর্ণ। এজন্য তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য নিজ দায়িত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে এটি সফলভাবে বের করেছেনÑযা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নিজের এই সফলতার বিষয়ে উপ-সহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য বলেন, “আমাদের একটি বিশেষ চিকিৎসা কৌশল রয়েছে, যেখানে একটি রবারের পাইপের মাথায় বেলুনের মতো অংশ থাকে। পাইপটি শিশুর গলায় ঢুকিয়ে ভেতর থেকে পানি দিলে পাইপের মাথাটি বেলুনের মতো মোটা হয়ে যায়। এরপর সাবধানে টান দিলে আটকে থাকা কয়েনটি বেলুনের সঙ্গে বাইরে চলে আসে।” তিনি আরও জানান, এর আগেও তিনি আরও বেশ কয়েকজনের গলায় আটকে যাওয়া কয়েন সফলভাবে এভাবে নিরাপদে বের করেছেন।
একজন গ্রামীণ উপ সহকারী মেডিক্যাল অফিসারের সময়োপযোগী সিদ্ধান্ত ও পেশাগত দক্ষতার কারণে একটি শিশুর প্রাণ রক্ষা পাওয়ায় হাতিয়া জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিমান চন্দ্র আচার্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ভূয়সী প্রশংসা করছেন সচেতন নাগরিকরা।