আ.লীগের সভাপতি সাতকানিয়ার অ্যাডভোকেট কামাল কর্ণফুলীতে আটক

এফএনএস | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০১:১০ পিএম
আ.লীগের সভাপতি সাতকানিয়ার অ্যাডভোকেট কামাল কর্ণফুলীতে আটক
ছবি: FNS

নিজেকে নন-পলাতক আওয়ামী লীগের সভাপতি পরিচয় দিয়ে ভাইরাল হওয়া সাতকানিয়ার অ্যাডভোকেট কামাল উদ্দিন (৪৭) কর্ণফুলীতে আটক হয়েছেন।
গতরাত (১৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাত) দেড়টার দিকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার সিডিএরটেক নামক এলাকার একটি বহুতলা ভবনের ই-১ নম্বরের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক কামাল উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া গ্রামে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পিপি ছিলেন। তাছাড়া তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং ইউনিয়ন ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাসা ঘেরাও করে তাকে আটক করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্ব পর্যন্ত কামাল নিজেকে যুবলীগের সক্রিয় নেতা পরিচয় দিয়ে সরকারের কাছ থেকে বহুমুখী সুবিধা আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতা-র্র্কর্মীদেরকে হয়রানি করার বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু চব্বিশের পটু পরিবর্তনের সাথে সাথে তিনি সুর পরিবর্তন করে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদেরকে গালাগাল করে অনলাইনে নিয়মিত ভিডিও প্রকাশ করা শুরু করেন। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে তার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলেও কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেন। ২০২৬ সালের অক্টোবরে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে সারাদেশে কমিটি গঠনের কথা জানিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

অ্যাডভোকেট কামাল উদ্দিনের আটকের বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

তবে সাতকানিয়া থানায় মুঠোফোনে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা কামালের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।

আপনার জেলার সংবাদ পড়তে