সিরাজদিখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম
সিরাজদিখানে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ
ছবি: FNS

সিরাজদিখানে ১৫ বছরের কিশোরীকে গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি গার্মেন্টসে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযুক্ত গার্মেন্টস মালিকের নাম আনোয়ার মাঝি (৬০)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা হালিমা খাতুন (৪৯) প্রায় দুই মাস ধরে জৈনসার এলাকায় ইন্ডিয়ান টেক্সটাইল নামের গার্মেন্টসে কাজ করছেন। ওই পরিচয়ের সূত্র ধরে তার ১৫ বছর বয়সী মেয়ে গার্মেন্টসের মালিক আনোয়ার মাঝির ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়।
কিশোরীর মায়ের অভিযোগ, গত ১২ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে গার্মেন্টসের ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে। ওই সময় অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন আনোয়ার মাঝি। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
অভিযোগে আরও বলা হয়, মেয়েকে আটকে রাখার খবর পেয়ে হালিমা খাতুন পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে অফিসকক্ষ থেকে মেয়েকে উদ্ধার করেন। এমন ঘটনায় আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিশোরী ও তার পরিবার। অভিযুক্ত আনোয়ার মাঝি জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের মৃত স্বপন মাঝির ছেলে।
এ ঘটনায় কিশোরীর মা হালিমা খাতুন শুক্রবার ১৩ই নভেম্বর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে শুক্রবার রাতেই মামলা হয়েছে। আনোয়ার মাঝির সাথে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।কিশোরীকে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে