প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে স্থাপন করা সোলার প্যানেল শুরু করে নিজেদের কমর্যজ্ঞ। সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে প্রতি মূহুর্তে উৎপাদন করছে ৬০ কিলোওয়াট বিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ডিসি অফিসের চাহিদা মিটিয়ে কিছুটা সরবরাহ করছে জাতীয় গ্রীডেও।
জেলা প্রশাসন ও পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কারিগরি সহায়তায় প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা সৌর প্যানেল। এখানে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং এর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে জাতীয় গ্রীডের সাথেও।
জেলা প্রশাসকের কার্যালয়ের এই ছাদে ৯৬টি প্যানেল বসানো হয়েছে। যেখান থেকে প্রতিটা প্যানেলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৬২৫ ওয়াট। আর এই প্যানেল স্থাপনের কাজটি করেছে রেনকন ইনফ্রাষ্ট্রাকচার এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
গত ২৮ সেপ্টেম্বর থেকে সিস্টেমটি চালু হয়ে নিরবচ্ছিন্নভাবে মিটিয়ে যাচ্ছে প্রতিদিনের বিদ্যুতের চাহিদা। আর ছুটির দিনে সরাসরি চলে যাচ্ছে জাতীয় গ্রীডে। জেলাপ্রশাসক কার্যালয়ের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগতভাবে সোলার বিদ্যুৎ প্ল্যান্ট বসাচ্ছেন অনেকেই।
দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূৰ্ণ করতে সমাজের সচ্ছল মানুষদের সৌর বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,শেরপুরের নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহাম্মেদ জানান, জেলার সব সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো গেলে অন্ততঃ দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমড়া ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য উদ্বুদ্ধকরনসহ নানা কার্যক্রম হাতে নিয়েছি। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারিভাবে যদি সোলার প্যানেল স্থাপন বৃদ্ধি হয় সেক্ষেত্রে জেলার বিদ্যুৎ চাহিদার পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব। আমাদের প্রচেষ্টায় ইতিমধ্যে শেরপুর শহরের শেরিপাড়ায় এমারেলড ওয়েল মিল এবং নালিতাবাড়ী উপজেলার তিনানীতে জেলার বৃহৎ শপিং কমপ্লেক্স তাজ বাজার এর ছাদে পৃথক দুইটি প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
এ বিষয়ে শেরপুরের জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি সরকারি দপ্তরকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিদ্যুতে প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে এই প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৪৯৬ ইউনিট বিদ্যুৎ। জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৮৯ মেগাওয়াট।
ডিসি ফরিদা ইয়াসমিন ইতিমধ্যেই সরকারি সকল দপ্তরের ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সে ক্ষেত্রে জেলার সকল সরকারি দপ্তরের ছাদে সৌর বিদ্যুতের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জেলার সকল দপ্তরের চাহিদা মিটানোর পরেও জাতীয় গ্রিডে আরও অনেক বেশি বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হবে বলে জানান বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।