যুক্তরাষ্ট্রজুড়ে জারি করা বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ায় উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় ৪ ঘণ্টা পর রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করে। ফলে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। তবে বিকালের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।
এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।
এর আগে তিনটি সূত্র জানায়, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তবে এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।
বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায়। এতে লক্ষাধিক যাত্রী আটকে পড়েন। সূত্র: বিবিসি, রয়টার্স