গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। শিল্প পুলিশ, জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে।