বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম বুলবুল চোকদারের সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাহিলাড়া ইউনিয়নের বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, মাহিলাড়া ইউনিয়নের বেজহার এলাকায় এবারই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নজরুল ইসলাম বুলবুল চোকদারের নাম সামনে এসেছে। এ কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম বুলবুল চোকদারকে সমর্থন জানিয়ে বক্তারা তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় সমাজসেবক হরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম বুলবুল চোকদার, সমাজসেবক মাওলানা আব্দুস সালাম, শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, নজরুল ইসলাম, আবু বক্কর সরদার, ফারুক হোসেন মিলিটারী, আকুবালী সরদার, আলাউদ্দিন সরদার, তপন চন্দ্র মন্ডল, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নজরুল ইসলাম বুলবুল চোকদারের প্রতি তাঁদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বেজহার এলাকায় নির্বাচনি আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।