অনিয়ন্ত্রিত অনিয়ম-দুর্নীতি

বিমানে সুশাসন প্রতিষ্ঠার এখনই সময়

এফএনএস
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম
বিমানে সুশাসন প্রতিষ্ঠার এখনই সময়
ছবি: FNS

একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাফল্য শুধু তার আয়-ব্যয় হিসাব দিয়ে বিচার করা যায় না; জবাবদিহি, স্বচ্ছতা এবং জনআস্থাও সমান গুরুত্বপূর্ণ। জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের ভাবমূর্তির সঙ্গেও প্রত্যক্ষভাবে জড়িত। তাই এ প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি কিংবা আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ কেবল একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কার্যকারিতার প্রশ্নও উত্থাপন করে। সাম্প্রতিক সময়ে বিমানের শত শত কোটি টাকার অডিট আপত্তি, রাজস্ব আদায়ে অনিয়ম, লোকসানি রুট পরিচালনা এবং উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত বিতর্ক নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষভাবে প্রশ্ন উঠেছে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে, যেগুলোর আর্থিক যৌক্তিকতা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয় ছিল। সংসদীয় কমিটি এসব বিষয়ে তদন্ত, দায় নির্ধারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চাওয়ায় পরিষ্কার হয়েছে যে বিষয়গুলো আর উপেক্ষা করার সুযোগ নেই। সবচেয়ে উদ্বেগজনক হলো, বছরের পর বছর অডিট আপত্তি ঝুলে থাকা। কোনো প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ উঠতেই পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে সেগুলোর নিষ্পত্তি না হওয়া প্রশাসনিক দুর্বলতার পরিচায়ক। এতে একদিকে সরকারি অর্থ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়ে, অন্যদিকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও অনিশ্চিত হয়ে যায়। ফলে জবাবদিহির সংস্কৃতি দুর্বল হয়। রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তিগত দুর্বলতা এবং তথ্য ব্যবস্থাপনার ত্রুটির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। আধুনিক বিমান পরিবহণ খাতে তথ্যপ্রযুক্তি এখন সেবার মেরুদণ্ড। সেখানে সফটওয়্যার বা হিসাব ব্যবস্থার দুর্বলতার কারণে আয় হারানো কিংবা আর্থিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। আমড়া মনে করি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর নিরপেক্ষ ও দ্রুত তদন্ত হওয়া জরুরি। শুধু প্রতিবেদন তৈরি নয়, অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্রয়নীতি, আর্থিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর তদারকি আরও শক্তিশালী করতে হবে। বিমান একটি জাতীয় সম্পদ। এ প্রতিষ্ঠানের প্রতি যাত্রী ও নাগরিকের আস্থা ফিরিয়ে আনতে হলে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে।