শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেড সংঘর্ষে শিশু নিহত, আহত ২

মিজানুর রহমান; চাঁদপুর:
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, ০১:৩২ পিএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০১:৩২ পিএম
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেড সংঘর্ষে শিশু নিহত, আহত ২
ছবি: FNS

চাঁদপুর- শরিয়তপুর ফেরি নৌ রুটের মেঘনা নদীর শরীয়তপুর বেড়াচাক্কি চ্যানেলে একটি ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশু ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে স্পিডবোটে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ‘কাকলি’ নামের একটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে আসা একটি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রচণ্ড ঝাঁকুনিতে ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সি ওই শিশুটি ছিটকে গিয়ে ফেরিতে থাকা একটি যাত্রীবাহী বাসের বডির সঙ্গে সজোরে ধাক্কা খায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া আরও দুজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই বাল্কহেডটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পালিয়ে যাওয়া বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য নদীতে অভিযান চালাচ্ছে শরীয়তপুর নৌ পুলিশ।
বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনা ফেরি ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ চৌধুরী ও শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে বাল্কহেডটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী ওই শিশুটি ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুজন আহত হয়। এদিকে, সংঘর্ষের পর বাল্কহেডটি আটক করেছে নৌ পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে