চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় কাজি লুৎফর রহমান (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কাজি লুৎফুর রহমান নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাজি লুৎফুর রহমানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার মনিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই দিনে রাতে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার দিনদুপুরে পয়ালী গ্রামের পাটোয়ারী বাড়ির আবদুর রহমান পাটোয়ারীর নাতনি পাশ্ববর্তী মনিগাঁও গ্রামের কাজি লুৎফর রহমানের ঘরে রোজের দুধ দিতে যায়। তখন আকাশ মেঘলা ও ওই বাড়িতে কেউ ছিল না। কৌশলে ওই শিশুকে ঘরে নিয়ে সে ধর্ষণ করে। বিষয়টি বাড়িতে এসে শিশুটি তার নানা ও পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে আজ সকালে শিশুটির মা বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
শিশুটির মা বলেন, প্রতিদিন দুধ দিতে আমি অথবা আমার মেয়ে তার বাড়ীতে যেতাম। ওই দিন কাজের কারণে আমি যেতে পারিনি বলে মেয়েকে পাঠিয়েছিলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আউয়াল হোসেন বলেন, খবর পেয়ে মনিগাঁও কাজি বাড়ি থেকে লুৎফুর রহমানকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিম শিশুর পরিবার মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।