গাজীপুরের টঙ্গীতে সৈয়দ আরিফ (৩৩) নামে কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে আটকের পর এলাকাবাসী পুলিশের অভিযানিক দলের সদস্যদের ঘেরাও করলে সুযোগ বুঝে ওই নেতার পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরিফ এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
তবে এলাকাবাসীর অভিযোগ, ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফকে ছড়িয়ে নিতে টঙ্গী ৫২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা ফখরুল হাসান এবং টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের সাবেক সদস্য সচিব এস. এম রেমন মাহামুদ সহযোগিতা করেছেন। জিয়া পরিষদ নেতা রেমন মাহমুদ সম্পর্কে ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফের ভগ্নিপতি।
তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। টঙ্গী ৫২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা ফখরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ভাদাম এলাকায় স্থানীয় আওয়ামী নেতাদের সাথে পুলিশের ঝামেলা হয়েছে। এমন খবর জানতে পেরে ওই এলাকায় যাই। সেখানে গিয়ে জানতে পারি সৈয়দ আরিফ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভাদাম এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সৈয়দ আরিফকে আটক করে। পরে তাকে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ও নারীরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এবং মানবপ্রাচীর তৈরি করেন। এসুযোগে আরিফ কৌশলে সটকে পড়েন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার দিনে টঙ্গী তিলারগাতী ও সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-গাসিক ৫২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিউল্লাহ ফয়সাল (৩০) এবং গাসিক ৫১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুর রসিদ মিয়া ওরফে রসিদ মন্ডল (৫৮)।তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
তবে স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিউল্লাহ ফয়সালকে ছাড়িয়ে নিতে তিলারগাতী এলাকার কয়েকজন যুবদল ও বিএনপি নেতা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন বলেন অভিযোগ উঠেছে। একপর্যায়ে পশ্চিম থানার ওসির তৎপরতায় তাদের সে চেষ্টা ভেস্তে গেছে বলে জানা গেছে।
এব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নারীরা ঘেরাও করার পর আরিফ নামের ওই ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যায়। পরে পুরো টিম নিয়ে এলাকায় অভিযান চালিয়েও আরিফকে পাওয়া যায়নি। তবে সে পুলিশের গাড়ি থেকে পালায়নি। এদিকে গ্রেপ্তার দুই স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ নেতাকে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।