এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) :

পুঠিয়া বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ পিএম
পুঠিয়া বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১
ছবি: FNS

রাজশাহীর পুঠিয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মে সামিহাকে (১৫) অপহরণের প্রায় ১৩ মাস পর উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় নামের (২৪) এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত হৃদয় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অপরদিকে স্কুলছাত্রী উম্মে সামিহা পুঠিয়া রাজবাড়ী এলাকার মিজানুর রহমানের মেয়ে।
গতকাল বুধবার ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বুদের হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে উদ্ধারকৃত স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছর ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। পথে পুঠিয়া গ্রামের জিতেন্দ্র ধরের বাড়ির সামনে থেকে অভিযুক্ত ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। ঘটনার পরের দিন ২৭ অক্টোবর উক্ত ছাত্রীর পিতা মিজানুর রহমান বাদী হয়ে আটককৃত হৃদয় ও তার কয়েকজন সহযোগীর নামে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওসি বলেন, অপহরণের ঘটনার পর থেকে অভিযুক্ত ওই স্কুল ছাত্রীকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থা নিশ্চিত হওয়ার পর ১১ই নভেম্বর অপহরণের স্বীকার স্কুল ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। সেই সাথে প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে