ফসলি জমি গিলে খাচ্ছে অবৈধ ইটভাটা; ৬১টির একটিরও নেই লাইসেন্স

কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, বিপন্ন কৃষিজমি, দূষিত হচ্ছে পরিবেশ

এস. এম. রাসেল; মাদারীপুর: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম
কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, বিপন্ন কৃষিজমি, দূষিত হচ্ছে পরিবেশ
ছবি: FNS

মাদারীপুর জেলায় ৬১টি ইটভাটার একটিরও বৈধ লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অভিযোগ রয়েছে, ফসলি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এতে একদিকে উজাড় হচ্ছে বনজ ও ফলজ গাছ, অন্যদিকে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয় প্রভাবশালী ভাটা মালিকদের বিরুদ্ধে ফসলি জমির মাটি কাটারও অভিযোগ করেছেন বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নেই রয়েছে ২৫টি ইটভাটা। শুধু সদর উপজেলায় মোট ভাটার সংখ্যা ৩৭টি। এ ছাড়া শিবচরে ১৫টি, কালকিনিতে ৮টি এবং ডাসার উপজেলায় একটি ইটভাটা রয়েছে। জেলার প্রতিটি উপজেলাতেই কমবেশি অবৈধ ইটভাটার বিস্তার ঘটলেও সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা যায়, ফসলি জমির মাঝখানে স্থাপন করা হয়েছে বিশাল চিমনি। ভাটার পাশে কাঠ কাটার করাতকল বসিয়ে বনজ ও ফলজ গাছ কাটা হচ্ছে। বাগান থেকে কাঠ এনে সরাসরি ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এতে কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ আজ ধ্বংসের মুখে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে থাকে। ভাটার মালিকরা জোরপূর্বক আমাদের ফসলি জমি কেটে নিচ্ছেন। সারাদিন মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক বলেন, ‘ইটভাটার মালিকরা এলাকার খুবই প্রভাবশালী। তাঁদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে এলাকায় থাকা যায় না। তাঁরা পুকুরের মতো গভীর করে ফসলি জমি কাটেন। এতে পাশের কৃষকদের উর্বর জমিও ভেঙে ধসে পড়ে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে তাঁদের কাছে জমি বিক্রি করতে হয়। আমড়া এ অবস্থা থেকে মুক্তি চাঁই।’
এ বিষয়ে মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদারীপুরের জেলাপ্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, ‘জেলায় পরিচালিত ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করতে গেলে ভাটার মালিকরা নানাভাবে বাধা সৃষ্টি করেন। তবু জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ থাকবে।’ পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, অবিলম্বে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা না হলে মাদারীপুরের উর্বর কৃষিজমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে