বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা সুমন আহম্মেদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আহম্মেদ শেরপুর উপজেলার চকপোতা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের বড় ছেলে। তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে অটো রিক্সাযোগে তাঁর কর্মস্থল দুপচাচিয়া অগ্রণী ব্যাংকের উদ্দেশে যাচ্ছিলেন সুমন। পথিমধ্যে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে একটি পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।