পবনের বিচ্ছেদের খবরে আলোচনায় রেণু

‘পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা করলেই দোষ’

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ পিএম
‘পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা করলেই দোষ’
ছবি: FNS

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী রেণু দেশাইয়ের পুরোনো একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। পবন ও তাঁর বর্তমান স্ত্রী আনা কোনিদালা দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রেণুর সেই মন্তব্য, যেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন, পুরুষেরা একাধিকবার বিয়ে করতে পারলেও নারীদের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম। একসময় পবনের সঙ্গে নিজের সম্পর্ক, বিচ্ছেদের পর সামাজিক সমালোচনা এবং নতুন করে জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েও কথা বলেছিলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে পবন কল্যাণ ও আনা কোনিদালা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের ভাষ্য, দাম্পত্য সম্পর্কের অবসান হলেও তাঁরা ভালো বন্ধু এবং দুই সন্তানের দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকবেন। সন্তানদের সুখ ও সুস্থতাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে সবার কাছে গোপনীয়তা, সহানুভূতি ও সম্মান বজায় রাখার অনুরোধও জানিয়েছেন তাঁরা। যৌথ বিবৃতিটি পবন কল্যাণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।
পবন কল্যাণের ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে। অভিনেত্রী রেণু দেশাইকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৭ সালে ‘এবিএন তেলেগু’কে দেওয়া এক সাক্ষাৎকারে পবনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন রেণু। তাঁর মতে, পবনকে সবচেয়ে কাছ থেকে বোঝার সুযোগ হয়েছিল তাঁরই। কারণ, তাঁরা শুধু স্বামী-স্ত্রী ছিলেন না, সহকর্মী ও ভালো বন্ধুও ছিলেন।
সাক্ষাৎকারে রেণু বলেছিলেন, ‘আমার মনে হয়, পবনও অস্বীকার করবেন না যে তাঁকে সবচেয়ে কাছ থেকে বোঝার সুযোগ আমার হয়েছিল। আমি শুধু তাঁর স্ত্রী ছিলাম না, সহকর্মীও ছিলাম। একজন মানুষের সঙ্গে যখন ২৪ ঘণ্টা থাকা হয়, তখন সেটি হয়ে ওঠে পুরো একটি জীবন। আমড়া বন্ধু ছিলাম। প্রচলিত স্বামী-স্ত্রীর মতো আমাদের সম্পর্ক ছিল না। আমড়া সব সময় খুব ভালো বন্ধু ছিলাম। এ কারণেই তিনি আমার সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতেন।’
বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করার সম্ভাবনা নিয়ে কথা বলেও সমালোচনার মুখে পড়েছিলেন রেণু। এক টেলিভিশন সাক্ষাৎকারে ভবিষ্যতে আবার বিয়ের কথা ভাবতে পারেন বলে জানিয়েছিলেন তিনি। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।
তেলুগু ভাষায় দেওয়া সেই পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন, একজন পুরুষ একাধিকবার বিয়ে করতে পারলেও একজন নারী কেন নতুন সম্পর্কের কথা ভাবলেই সমালোচনার মুখে পড়বেন। তাঁর বক্তব্য ছিল, ‘আমাদের সমাজে একজন পুরুষ যেকোনো কিছু করতে পারেন, যতবার ইচ্ছা বিয়ে করতে পারেন। কিন্তু একজন নারীর অন্য কোনো সম্পর্কের কথা ভাবাটাও পাপ হিসেবে দেখা হয়। একজন নারী কি সারা জীবন অনুশোচনা নিয়ে একা কাটিয়ে দেবেন?’
২০১৭ সালের সাক্ষাৎকারেও পুনরায় বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি রেণু। তিনি জানান, আগের বছর পর্যন্ত বিয়ে বা প্রেম নিয়ে তাঁর কোনো আগ্রহ ছিল না। পরেও প্রচলিত অর্থে প্রেম বা রোমান্সের প্রত্যাশা তাঁর ছিল না। তবে জীবনে একজন সঙ্গী বা পাশে থাকার মতো মানুষ প্রয়োজন বলে মনে করতেন তিনি।
রেণু আরও জানিয়েছিলেন, একটি স্বাস্থ্যগত উদ্বেগের কারণে নতুন করে জীবনসঙ্গীর কথা ভাবতে শুরু করেছিলেন। তবে তখন তিনি স্পষ্ট করেছিলেন, তিনি একাই আছেন। শেষ পর্যন্ত আর বিয়ে করেননি এই অভিনেত্রী।
পবন ও আনার বিচ্ছেদের ঘোষণার পর রেণুর পুরোনো বক্তব্য সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও তাঁর সেই প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে পুরুষ ও নারীর বিয়ে এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে