বদলি হলেন সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া

মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৯:০০ পিএম
বদলি হলেন সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া
ছবি: FNS

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দায়িত্ব পালনকালে তাঁকে ঘিরে বিতর্কও তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তাঁর সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এ ছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাঁর বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনও জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে