সাই পল্লবীর প্রশংসায় ধানুশ

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৫৮ পিএম
সাই পল্লবীর প্রশংসায় ধানুশ
ছবি: FNS

‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী। এবার তার অভিনয়ের প্রশংসা করে পাশে দাঁড়ালেন সহ-অভিনেতা ধানুশ। অভিনেতার মতে, সাইয়ের মতো সীতা সারা ভারতেও খুঁজে পাওয়া যাবে না। সম্প্রতি আসন্ন সিনেমা ‘ওএম’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন ধানুশ। ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি। ধানুশ বলেন, ‘সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত শোরগোল হচ্ছে। বিষয়টি আমি সত্যিই বুঝতে পারছি না। শুটিংয়ের বিরতির সময়ও সাই নিয়মিত প্রার্থনা করতেন। সারা ভারত খুঁজলেও তার মতো আরেকজন সীতা পাবেন না। ঈশ্বরের প্রতি তার গভীর ভক্তি এবং নির্মূল হৃদয় রয়েছে। তিনি যেমন সুন্দর, তেমনি অসাধারণ অভিনেত্রীও।’ অনুষ্ঠানে সাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন ধানুশ। ‘মারি ২’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা। ধানুশের ভাষ্য, গত নয় বছরে অভিনেত্রী হিসেবে অনেকটাই পরিণত হয়েছেন সাই। প্রথম পরিচয়ের সময় বেশ চুপচাপ ও লাজুক থাকলেও ‘ওএম’-এর শুটিংয়ে তার আত্মবিশ্বাস ও কাজের দক্ষতা মুগ্ধ করেছে অভিনেতাকে। ‘ওএম’ সিনেমায় সাই পল্লবী অভিনয় করেছেন সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে। অবৈধ রক্তচন্দন কাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পান তিনি। এতে ধানুশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মালয়ালম অভিনেতা মামুটি। কঠিন একটি চরিত্র সাহস ও দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলার জন্যও সাইয়ের প্রশংসা করেছেন ধানুশ। এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের ‘রামায়ণ’ সিনেমায় সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, রাবণের চরিত্রে ইয়াশ, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল।