শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুর পুরাণ বাজার এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী পুরাণ বাজারের ৩নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বিকালে পুরাণ বাজার ৩নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা হয়। এ সময় তানিয়া ইশতিয়াক খান নিজে উপস্থিত থেকে মানুষদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। কম্বল বিতরণ প্রসঙ্গে তানিয়া ইশতিয়াক খান গণমাধ্যমকে বলেন, “কিছুদিন আগেও আমড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। আসন্ন শীতে এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই ভাবনা থেকেই আজ বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল পৌঁছে দিয়েছি। এলাকাবাসীর এই ভালোবাসা ও দোয়া আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”
এদিকে, শীতের শুরুতেই এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানান, এই কম্বল তাদের কাছে কেবল শীতবস্ত্র নয়, বরং ভালোবাসার এক উষ্ণ উপহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। নিয়মিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কয়রায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : খুলনার কয়রায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম সানা, অ্যাডভোকেট মনজুরুল আলম নান্নু, গাজি সেরাজুল ইসলাম, নাজমুল হুদা, আঃ গফ্ফার, এসএম খায়রুজ্জামান ও কামরুল ইসলাম খান, কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর নবি পির আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা পলাশ ও মেহেদি হাসান সবুজ, শ্রমিকদলের সভাপতি আকবার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহসভাপতি আজিজুর রহমান এবং তরুণ দলের সাধারণ সম্পাদক আলমগির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তাঁরা কল্পনাও করেননি। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি। একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমড়া কীভাবে বাঁচব? এ বিষয়ে জানতে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি। রাত হওয়ার কারণে কৃষি বিভাগের কোন কর্মকর্তারও বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলায় ১ লক্ষ্য ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।
ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশনে অবৈধভাবে বাস পার্কিংয়ের দায়ে ঈদগাঁও লাইন নামের একটি বাসের চালক মো. সেলিমকে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় রিদুয়ান পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনার দায়ে জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং ছোটন মিয়া ও প্রিতম পালকে ১০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী আরোপিত মোট ৪০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে আনসার সদস্য ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের একটি দল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।