শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুর পুরাণ বাজার এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী পুরাণ বাজারের ৩নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বিকালে পুরাণ বাজার ৩নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা হয়। এ সময় তানিয়া ইশতিয়াক খান নিজে উপস্থিত থেকে মানুষদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
কম্বল বিতরণ প্রসঙ্গে তানিয়া ইশতিয়াক খান গণমাধ্যমকে বলেন, “কিছুদিন আগেও আমড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। আসন্ন শীতে এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই ভাবনা থেকেই আজ বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল পৌঁছে দিয়েছি। এলাকাবাসীর এই ভালোবাসা ও দোয়া আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”
এদিকে, শীতের শুরুতেই এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানান, এই কম্বল তাদের কাছে কেবল শীতবস্ত্র নয়, বরং ভালোবাসার এক উষ্ণ উপহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। নিয়মিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।