বেসরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা, প্রথম শ্রেণিতে বয়স ৬ বছর

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:১০ পিএম
বেসরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা, প্রথম শ্রেণিতে বয়স ৬ বছর
ছবি: FNS

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। এ শ্রেণিতে শিক্ষার্থী বাছাই হবে লটারিতে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। একই সঙ্গে পরীক্ষার নম্বর বণ্টন, আবেদন ফি, ভর্তি ফি এবং ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকার শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করে। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা কার্যকর হবে।
নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।
ভর্তির আবেদনপত্রের সঙ্গে বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।
এর আগে ২০২৫ সালের বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর। এবার তা এক বছর বাড়ানো হয়েছে। তবে সরকারি স্কুলের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর রাখা হয়েছে। গত ১৩ অক্টোবর সরকারি স্কুলের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়। ফলে আগামী শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় পার্থক্য থাকছে।
প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা
নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়েছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির সুযোগ দেওয়া যাবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে প্রতিষ্ঠানের শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কমিটি। প্রশ্নপত্র হতে হবে মানসম্মত ও শ্রেণি উপযোগী। আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন তৈরি করতে হবে। পরীক্ষায় শিক্ষার্থীদের কালো কালির কলম ব্যবহার করতে হবে। পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঢাকার স্কুলে ৪০ শতাংশ আসন এলাকার শিক্ষার্থীদের জন্য
ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।
তবে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এ ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। আবার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এলাকায় থাকলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।
আবেদন ও ভর্তি ফি নির্ধারণ
নীতিমালায় ভর্তির আবেদন ফরমের ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবেদনের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে।
সেশন চার্জসহ ভর্তি ফি মফস্‌সল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগরীতে অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত ও এমপিও-বহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন এবং এমপিও-বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে।
তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ওঠার সময় প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবে প্রতিষ্ঠান
নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচার করবে।
ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা দিনে পরীক্ষা নেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে