নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন, ডিসেম্বরে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। বিশ্লেষকদের ধারণা, এর পেছনে দলকে পুনরুজ্জীবিত করা ও নতুন সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যও থাকতে পারে।
ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন এক ব্রিটিশ আইনজীবী। ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেতারাও বলছেন, দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হাসিনা। তবে এই প্রত্যাবর্তনের ঘোষণা কি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি, নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাদের দাবি, আগামী মাসেই দেশে ফিরতে চান তিনি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
দ্য গার্ডিয়ানের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, গত সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানান। নথিগুলো দ্রুত ইস্যু করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে দেশে ফেরার সুযোগ তৈরি করতে ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন তিনি।
শেখ হাসিনার নিজের বক্তব্যেও দেশে ফেরার ইচ্ছার কথা উঠে এসেছে। এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তবে নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাঁই।’
তবে দেশে ফেরার পথে রয়েছে বড় ধরনের আইনি ও কূটনৈতিক বাধা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। কিন্তু ভারত এখনও সেই দাবি মেনে নেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দিল্লির সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময় প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক আসামি হওয়ায় নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই তার। দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে উল্লেখ করে তিনি বলেন, আপিলের সময়সীমা পেরিয়ে গেছে। তার ভাষায়, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
রাজনৈতিক কৌশলের প্রশ্ন কেন
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিশ্লেষকদের ধারণা, এর পেছনে আওয়ামী লীগের সমর্থকদের আবার সংগঠিত করা এবং নতুন সরকারকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্য থাকতে পারে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে। কয়েক দশকের মধ্যে ওই নির্বাচনকে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। তবে ক্ষমতায় আসার পর থেকে সরকার মূল্যস্ফীতি ও পোশাক কারখানা বন্ধ করে দেওয়া শ্রমিক বিক্ষোভের মতো পরিস্থিতি সামলাচ্ছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে চাইতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দলের নির্বাসিত নেতাদের মধ্যেও তৎপরতা দেখা যাচ্ছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, নির্বাসনে থাকা নেতারাও শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে জেনেও রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই নেতা।
এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের একজন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে বিচার চলছে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের অনেকেই সেখানে বসবাস করছেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায়ই দিল্লিতে ডেকে পাঠানো হয়।
সব মিলিয়ে নতুন পাসপোর্টের আবেদন, ট্রাভেল পাস নেওয়ার সম্ভাবনার কথা জানানো এবং এপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনাকে আলোচনায় এনেছে। তবে দেশে ফেরার আইনি পথ এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বিশ্লেষকদের রাজনৈতিক কৌশলের ব্যাখ্যাও সামনে এসেছে। ফলে তিনি সত্যিই দেশে ফিরবেন, নাকি ফেরার ঘোষণাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কৌশল হিসেবে ব্যবহার করছেন, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।